সুপ্রিম কোর্টের এক বিচারকের শূন্য আসনে প্রেসিডেন্ট মনোনীত ব্যক্তির নাম ঘোষণা অনুষ্ঠানে লোকসমাগম ঘটানোয় হোয়াইট হাউজের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। ২৬ সেপ্টেম্বরের ঐ অনুষ্ঠানে উপস্থিত অন্তত ১১ জনের দেহে পরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শুক্রবার সিবিসি নিউজের এক প্রশ্নের জবাবে ফাউচি হোয়াইট হাউজের ঐ অনুষ্ঠানকে ‘সুপারস্প্রেডার ইভেন্ট’ বলে অ্যাখ্যায়িত করেন।
সিবিসি নিউজ তার কাছে হোয়াইট হাউজ কি মাস্ক পরা ও সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলায় জোর দেওয়ার চেয়ে বেশি বেশি শনাক্তকরণ পরীক্ষার ওপর নির্ভর করতে চাইছে কি না—জানতে চায়। উত্তরে হোয়াইট হাউজের করোনা ভাইরাস টাস্কফোর্সের প্রভাবশালী এ সদস্য বলেন, ‘তথ্যই কথা বলবে। আমরা হোয়াইট হাউজে এমন এক অনুষ্ঠান করেছি যেখান থেকে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঐ অনুষ্ঠানে এমন পরিস্থিতি ছিল যে, প্রচুর লোক একসঙ্গে ছিল এবং তাদের মুখে মাস্ক ছিল না।’
