পেটে করে ইয়াবা পাচার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

অভিনব কায়দায় পেটের ভিতর ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম মো. জাহাঙ্গীর হাসান। এসময় তার কাছ থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গতকাল র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, নওগাঁর একজন ইয়াবা পাচারকারী দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে অভিনব কৌশলে বাসযোগে ইয়াবা পাচার করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সে একই কৌশলে চট্টগ্রাম থেকে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন যাত্রী মো. জাহাঙ্গীর হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কথা ও আচরণে অসংলগ্নতা ও অস্বাভাবিকতা প্রকাশ পেলেও ইয়াবা পাচারের বিষয়ে সে অস্বীকার করে। পর গোপন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য নারায়ণগঞ্জের সদর থানাধীন ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু বিশেষ রয়েছে। পরবর্তী সময়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তার পেটের ভিতর লাল টেপ দিয়ে মোড়ানো ছোট ২০টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৪৭ পিস করে মোট ৯৪০ পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত্ এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।