বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ তুলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাময়িক বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুন ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জনের বিরুদ্ধে লালবাগ ও কোতোয়ালি থানায় মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মামলার পর ১৮ দিনেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় তাদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশনে বসেন ভুক্তভোগী ছাত্রী। টানা ২৭ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শুক্রবার রাত ১১টার দিকে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. শেখ মো. আল আমিনের নেতৃত্বে এক দল চিকিত্সক তাকে প্রাথমিক চিকিত্সা দেন। পরে কিছুটা সুস্থও বোধ করেন তিনি।
রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তাকে হাসপাতালে যাওয়ার জন্যে অনুরোধ করলেও তিনি তাদের কথা শোনেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল টিম ঐ ছাত্রীর সার্বিক নিরাপত্তার দায়িত্বে কাজ করছে। গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে থানায় মামলা করেন ঐ ছাত্রী।
