যৌতুক না পেয়ে স্ত্রীর মুখ ঝলসে দিল স্বামী

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:১৮

মানিকগঞ্জ প্রতিনিধি

যৌতুকের টাকা পরিশোধ করলেও বিয়ের পাঁচ বছরের মাথায় আবারও টাকার জন্য চাপ দেয় স্বামী কালু মিয়া । বাবার বাড়ির অসচ্ছলতার কারণে স্ত্রী অপারগতা স্বীকার করলে চালানো হয় নির্যাতন। এরই পরিপ্রেক্ষিতে আদালতে নারী ও শিশু দমন আইনে মামলা করেন স্ত্রী রূপা আক্তার । এর পর থেকেই বাবার বাড়িতে থাকছিলেন তিনি। বিষয়টি নিয়ে স্থানীয় মাতবররা মীমাংসা করার চেষ্টা করলে মামলা তুলে নিতে বলা হয় রূপা আক্তারকে। স্বামীর বাড়িতে তিনি যেতে অস্বীকৃতি জানালে মাসখানেক আগে স্বামী জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়ে বাড়িতে নেন স্ত্রীকে। পুনরায় শুরু হয় স্ত্রীর প্রতি স্বামীর নির্যাতন। তারই এক পর্যায়ে গত গত ৬ অক্টোবর রাতে স্ত্রীকে গরম তেল দিয়ে মুখ ও শরীর ঝলসে দেয় পাষণ্ড স্বামী। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন চিকিত্সার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনাটি ঘটেছে জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের রাজৈর গ্রামে। সাটুরিয়া থানাপুলিশকে বিষয়টি অবগত করলেও মামলা না নিয়ে মীমাংসা করার আশ্বাস দেয়। বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার মামলাটি গ্রহণ করে পুলিশ, এমনটিই জানিয়েছেন নির্যাতিত রূপা আক্তারের পরিবার।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) বলেন, তিন জনের নামে মামলা হয়েছে। তাত্ক্ষণিকভাবে রুপার স্বামী কালুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।