ইত্তেফাক রিপোর্ট
রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব যাচ্ছে দুই সিটি করপোরেশনের হাতে। ঢাকা ওয়াসা থেকে এই দায়িত্ব ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হচ্ছে। ঢাকার দুই মেয়রের দাবির পরিপ্রক্ষিতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে আজ রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এছাড়া সভায় ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘সভায় আলোচনার মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সামান্য বৃষ্টিতেই রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার থাকলেও তারা ব্যর্থ বলে মনে করেন নগর বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকরা। ওয়াসার ব্যর্থতা নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন মেয়ররা। আইন অনুযায়ী তারা পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়ার দাবিও জানিয়েছেন।
রাজধানীর জলাবদ্ধতা নিয়ে গত ২২ জুলাই অনলাইন সভায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের ওপর অর্পিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সে দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। দায়িত্ব আমাদের দিন, আমরা দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার মাধ্যমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করব। ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯’ এর দ্বিতীয় তপশিল ও তৃতীয় তপশিলের বিভিন্ন বিধি, ধারা ও উপধারা উল্লেখ করে মেয়র বলেন, সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় পানি নিষ্কাশন, জলাধার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে সিটি করপোরেশনই দায়বদ্ধ। কিন্তু দীর্ঘদিন ঢাকা ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড-পাউবো জলাধার সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনসহ জলাবদ্ধতা নিরসনের সেই দায়িত্ব তাদের আওতায় রেখেছে।
তাপস আরো বলেন, ‘আইন অনুযায়ী, তারা আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করছে না। কিন্তু সেই দায়িত্ব সঠিকভাবে পালনও করছে না। ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড দায়সারাভাবে দায়িত্ব পালন করছে বলেই বছরের পর বছর ঢাকার জলাবদ্ধতা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
