শিবগঞ্জের পাকা ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী জয়ী

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:২৭

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) জালাল উদ্দীন ৩ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী (ধানের শীষ) আবদুল মালেক পেয়েছেন ২ হাজার ৭১০ ভোট। এদিকে (নৌকা) বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মাস্টার পেয়েছেন ১ হাজার ৩৯৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (আনারস) মোসা. পারভিন পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির জানান, শনিবার পাকা ইউনিয়নের উপ-নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ মার্চ ইউপি উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল।