‘অস্থিরতা সৃষ্টির অপপ্রয়াস সরকার কঠোর হাতে দমন করবে’

শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টায় বিএনপি :কাদের

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৪৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি। কিন্তু সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। আন্দোলনের নামে যে কোনো ধরনের অস্থিরতা ও সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হাতে দমন করবে। ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার বিকালে গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত            সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়। সেতুমন্ত্রী বলেন, ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে, তা কারোর দাবির পরিপ্রেক্ষিতে নয়—স্বপ্রণোদিত হয়েই করছে। তিনি বলেন, সরকারের পতন ঘটাতে বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চায়। তবে যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করারও কাজ চলছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সামনে আসছে বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন। এ সকল নির্বাচনে জয়ের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করতে হবে। দলের প্রার্থীর জয়ের জন্য যথাযথ প্রার্থী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সর্বসম্মত হতে হবে। ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সারা দেশে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে আটটি কমিটি গঠন করা হয়।

নগরীর শহিদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক এমপি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সিমিন হোসেন রিমি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারউজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় গাজীপুর জেলায় দলকে শক্তিশালী করে গড়ে তুলতে এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত হয়। বর্ধিত সভায় দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ওবায়দুল কাদের পরিষ্কারভাবে জানিয়ে দেন, দলে কোনো পর্যায়েই ধর্ষক, সন্ত্রাসী, মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না, দলের কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।