বিক্ষোভ আর স্বাগত মিছিলে সোচ্চার কক্সবাজারের ছাত্রদল 

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০০:৪০

কক্সবাজার জেলা শাখা আওতাধীন উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নবগঠিত কমিটিগুলোতে অছাত্র ও বিতর্কিতদের স্থান দেওয়ার অভিযোগে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিলের ২৪ ঘণ্টার মাথায় সেসব কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জেলা ছাত্রদল। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহীদ মিনার থেকে শুরু হওয়া স্বাগত মিছিলটি বার্মিজ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলমের সঞ্চালনায় র‌্যালিত্তোর সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান নয়ন বলেন, ঐতিহ্যের পথ ধরে রাজপথের সংগ্রামী রাজনীতি করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রদল। আওয়ামীলীগ রাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র পুন:উদ্ধারে ছাত্রদলের আন্দোলন কখনো থামবে না। দেশের ক্রান্তিলগ্নে, গণতন্ত্র রক্ষায় ছাত্রদল রাজপথে আন্দোলনে রয়েছে। 

নয়ন আরও বলেন, অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমান ডাক দিলেই গণতান্ত্রিক আন্দোলনের জন্য সারা দেশের মতো কক্সবাজারের ছাত্রদলও রাজপথে লড়াকু সৈনিকের মতো লড়বে। 

জেলা ছাত্রদল সভাপতি বলেন, কক্সবাজারের জেলা শাখাসহ প্রতিটি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং সকল ইউনিট মজবুত সাংগঠনিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে। প্রতিটি নেতা-কর্মী আন্তরিকতা আর দলের প্রতি অনুগত থেকে সকল কর্মসূচি পালনসহ শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। নতুন গঠিত উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা কমিটিগুলোর নেতৃবৃন্দ এ অগ্রযাত্রা আরও গতিশীল করবে বলে আমার বিশ্বাস। তাদের যোগ্য নেতৃত্বে কক্সবাজারের ছাত্রদল সারা দেশের জন্য আদর্শ হয়ে উঠবে। 

আরও পড়ুন: মির্জা ফখরুলের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ

এতে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা আহ্বায়ক এম. রাশেদুল করিম, শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন করিব হিমু প্রমুখ।

সমাবেশে কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক, সাবেক দপ্তর সম্পাদক ফয়সাল মোশাররফ ফয়েজ, রামু উপজেলা আহ্বায়ক ছানা উল্লাহ সেলিম, উখিয়া উপজেলা আহ্বায়ক জয়নুল আবেদীন জয়, সিটি কলেজ আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আহ্বায়ক মো. হেলাল উদ্দীন, সরকারি কলেজ আহ্বায়ক সাইনুল করিম রিফাত, পলিটেকনিক ইনস্টিটিউট আহ্বায়ক ফয়সাল মোহাম্মদ দিনার, হাশেমিয়া মাদ্রাসা আহ্বায়ক মারুফ কামাল খান সেতু, রামু কলেজ আহ্বায়ক আরমান হেলাল বাবু, আইন কলেজ আহ্বায়ক মোজ্জামেল হক, শহর সদস্য সচিব ইনজামুল হক, সদর উপজেলা সদস্য সচিব নাজমুল শাহেদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান, সরকারি কলেজ শাখার সদস্য সচিব কাউছার হাবিব ত্বকী, সিটি কলেজ সদস্য সচিব ওসমান গণি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সদস্য সচিব হামিদুর রহমান, রামু সরকারি কলেজ সদস্য সচিব মূতর্জা হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দীন কাদেরসহ কয়েক’শ নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কক্সবাজার জেলা শাখার ১৮টি শাখা কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ও স্বজনপ্রীতির মাধ্যমে বিবাহিত, অছাত্র, ইয়াবা ব্যবসায়ী এবং অত্যাগীদের স্থান দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পদবঞ্চিতরা। অবশ্য পদবঞ্চিতদের এ দাবি অসত্য বলে দাবি করেছিলেন জেলা ছাত্রদল সভাপতি নয়ন। বিক্ষোভ মিছিলের ২৪ ঘণ্টার মাথায় নতুন নেতৃত্ব পাওয়াদের স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করলো জেলা ছাত্রদল। সাংগঠনিকভাবে মূল দল বিএনপির নড়াচড়া একপ্রকার বন্ধ থাকলেও নতুন ১৮ কমিটি নিয়ে সরগরম অবস্থায় রয়েছে ছাত্রদল নেতা-কর্মীরা।

ইত্তেফাক/এএএম