কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১৫-২০ জন।
নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভাণ্ডারী (৪০)। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রবিবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী বলেন, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৯৩৭) বাসটি মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এসময় দুই যাত্রী নিহত হন। এরমধ্যে মোহাম্মদ মুরাদ ঘটনাস্থলে ও কালা ভাণ্ডারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোরশেদুর রহমান আরো বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
