উচ্ছেদের পরেই আবার বসছে দোকান!

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৩৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে রাস্তার দুই পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদের কয়েক ঘণ্টা পরই আবার বসেছে। এতে সাধারণ লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার ফুটপাত দখল মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় সাত দোকানদারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। গতকাল রবিবার উপজেলা সদরের রাস্তা ঘুরে দেখা গেছে, দুই পাশে অবৈধ দোকানের ছড়াছড়ি। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। কলেজ রোডের ব্যবসায়ী আতোয়ার রহমান, ব্যবসায়ী এনামুল হক সরকার বলেন, শনিবার দুপুরে উচ্ছেদের পরে বিকালেই আবার অবৈধ দোকানপাট বসে। এতে মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে।  উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে সদরের পুরাতন রোড, মসজিদ রোড, কালীবাড়ি রোড, কাঁচাবাজার ও বংশাই রোডসহ বিভিন্ন রাস্তার দুই পাশ দখল করে ব্যবসা করে আসছে অনেকে। এ ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, শনিবার অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদের জন্য নির্দেশনা এবং সাত দোকানদারকে জরিমানা করা হয়েছে। যদি আবার তারা রাস্তা দখল করে দোকানপাট বসায় তবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।