পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় বাঁশ কাটাকে কেন্দ্র করে রবিবার সকালে ইমান আলী (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তারই দুই সহোদর। নিহত ইমান আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকউড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। এলাকাবাসী জানায়, বাড়ির পাশে জঙ্গলে বাঁশ কাটতে গেলে ইমাম আলীর দুই ভাই আমজাদ আলী ও আহাম্মদ আলী বাধা দেয়। দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে আমজাদ আলী ও আহাম্মদ আলী বড় ভাই ইমান আলীকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিং হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
