বখাটে দমনে সহযোগিতা চান কেসিসি মেয়র

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪০

খুলনা অফিস

মাদকের সঙ্গে যুক্তরা দলের কেউ নয়, এলাকার মাদকসংশ্লিষ্ট ও বখাটেদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন অভিযানে রাজনীতিবিদদের নিজ উদ্যোগে সহায়তা করতে হবে। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। সিটি মেয়র আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আগের মতোই লড়াই চালিয়ে যেতে হবে।

আসন্ন দুর্গা পূজা উদ্যাপনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সব আনুষ্ঠানিকতা পালনে তত্পর থাকতে হবে। সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।