চাটমোহর (পাবনা) সংবাদদাতা
অস্থির হয়ে উঠেছে চাটমোহরে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে প্রতিটি সবজির দাম। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে কাঁচা মরিচ এখন ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছেছে। ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে কিনতে হবে। ব্যবসায়ীরা বলছে, অতিবৃষ্টিতে মরিচের খেতের ক্ষতি হওয়ায় আমদানি কম, তাই দাম বেড়েছে। চাটমোহর পুরাতন বাজার, নতুন বাজার ও রেল বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় মরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়ে এখন ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া সব ধরনের সবজির দামই বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন বললেন, সবজির বাজার নিয়ন্ত্রণহীন। সবজি ব্যবসায়ীরা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না। পণ্য কেনা ও বিক্রির মধ্যে সমন্বয় নেই। আমরা বারবার ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা টানানোর কথা বললেও তারা তা করছেন না।
