প্রিমিয়ার লিগ নিয়ে পাপনের সুখবর

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৩

স্পোর্টস রিপোর্টার

প্রতিদ্বন্দ্বিতার আবহ আছে। করোনাকালে দর্শক না থাকার অপূর্ণতা মেনে নিতে হচ্ছে। খেলা সম্প্রচার হচ্ছে ফেসবুক, ইউটিউবে। সম্প্রচারের মানও ভালো। বেতারে ধারাবিবরণী হচ্ছে। জৈব সুরক্ষা বলয়ও পুরোপুরি বহাল আছে। গতকাল উদ্বোধনী ম্যাচ দেখে বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে খুশি নাজমুল হাসান পাপন।

তবে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরায় কিছুটা অনভ্যস্ততা, জড়তা রয়েছে ক্রিকেটারদের মধ্যে। মানিয়ে নিতে সময় লাগছে ক্রিকেটারদের। সময়ের সঙ্গে সেসব উবে যাবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির।

মিরপুর স্টেডিয়ামে গতকাল প্রথমে ব্যাট করে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়েছে মাহমুদউল্লাহ একাদশ। অধিনায়ক মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৫১, ইমরুল কায়েস ৪০, সাব্বির রহমান ২২ রান করেন। নাজমুল শান্ত একাদশের তাসকিন, আল-আমিন, মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট নেন।

গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে সুখবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি বলেছেন, জৈব সুরক্ষা বলয় তৈরি করেই ১২টি ক্লাব নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজন সম্ভব। বিসিবি প্রেসিডেন্টস কাপ ও আগামী মাসে টি-২০ লিগ সফলভাবে সম্পন্ন হলে দ্রুতই প্রিমিয়ার লিগ শুরু করবে বিসিবি।

গত মার্চে এক রাউন্ডের পর করোনা প্রকোপ বাড়ায় স্থগিত হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে পাপন বলেছেন, ‘দুই সপ্তাহ আগে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম, দেখ এটা সম্ভব কিনা। আজকে (গতকাল) সুজন (খালেদ মাহমুদ সুজন) তো বলল, এটা সম্ভব।’

সুরক্ষা বলয় তৈরি করে বিকেএসপিতে হতে পারে প্রিমিয়ার লিগ। বিসিবি সভাপতি বলেছেন, ‘বিকেএসপি খুবই ভাল অপশন। ওদেরকে আমি যে দুটো অপশনের কথা বলেছি এর মধ্যে একটা বিকেএসপি। ওখানে একসঙ্গে তিনটা মাঠে খেলা যাবে আশা করি। আমাদের তো তিনটা মাঠই লাগে। কবে হবে বলা মুশকিল। এই সিরিজটা যদি আমরা সফলভাবে করতে পারি, টি-২০ লিগটা করতে পারি তারপরে এটা। এরপর আর দেরি করার কোনো কারণ নেই।’

এদিকে নভেম্বরে টি-২০ লিগেও পাঁচটি দলই বিসিবিই গড়ে  দেবে। সেখানে বিদেশি ক্রিকেটার রাখার প্রতি খুব আগ্রহী নয় বিসিবি। এমনকি করপোরেট হাউজ নেওয়ার দিকে খুব নজর নেই বিসিবির। চলতি বছর বিপিএল আয়োজনের সম্ভাবনা নেই।