দল পেলেন সালমা-জাহানারা

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২১:৪৪

মেয়েদের আইপিএল

 স্পোর্টস রিপোর্টার

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আগেই খবরটা জানা গিয়েছিল। জাহানারা আলম ও সালমা খাতুনও আগেই জেনে গিয়েছিলেন যে, ভারতের উইমেন্স টি-টোয়েন্টি লিগে খেলবেন তারা। গতকাল বিসিসিআই টুর্নামেন্টের সূচি নিশ্চিত করেছে। সেই সঙ্গে ‘মেয়েদের আইপিএল’ বলে পরিচিত টুর্নামেন্টে বাংলাদেশের দুই তারকার দলও জানা গেছে।

গত বছরের মতো এবারও ভেলোসিটি দলের হয়ে খেলবেন জাহানারা। সালমার দল ট্রেইলব্লেজার্স। আইপিএলের মেয়েদের সংস্করণ হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করতে চায় ভারত। টুর্নামেন্টের এটি তৃতীয় আসর। আগামী ৪ থেকে ৯ নভেম্বর এবারের টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। ভেন্যু অবশ্য এখনো ঘোষণা করা হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, শারজাহতে হতে পারে সব ম্যাচ।

গত আসরে ভেলোসিটির হয়ে ফাইনালের আগের ম্যাচে ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জাহানারা। ফাইনালে অবশ্য দুর্দান্ত বোলিং করেছিলেন, ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তবে জিততে পারেনি তার দল। গতবার সুপারনোভাসের শিরোপা জয়ে নেতৃত্বে দেওয়া হারমানপ্রিত কাউর এবারও দলটির অধিনায়ক। ট্রেইলব্লেজার্সকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা আর ভেলোসিটির অধিনায়ক মিতালি রাজ। তিন দল পরস্পরের মুখোমুখি হবে একবার করে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, যে সময়টায় শুরু হচ্ছে আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ। প্রতিটি দলে নেওয়া হয়েছে ১৫ জন করে ক্রিকেটার। এর মধ্যে বিদেশি চার জন করে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড থেকেও সুযোগ পেয়েছেন একজন।