স্পোর্টস রিপোর্টার
অনলাইনে অনুষ্ঠানরত এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে বাংলার পুরুষ দাবাড়ুরা মাত করেছিলেন। দ্বিতীয় দিনে মহিলা লড়াইয়ে খুব একটা পিছিয়ে ছিলেন না মহিলা দাবাড়ুরা। গতকাল তিন রাউন্ডে ৩ ম্যাচে ৩ পয়েন্ট অর্জন করে ৪ দলের সঙ্গে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছে। প্রথম রাউন্ডে বাংলাদেশ দল ৪-০ গেম পয়েন্টে হংকংকে হারায়। লড়াই করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ১.৫-২.৫ পয়েন্টে ইন্দোনেশিয়ার কাছে হেরে যায়। এই লড়াইয়ে শিরিন ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক মাস্টার সুকান্দার আইরিন কারিশমাকে হারান। নোশিন ড্র করেন কেরেনজা দিতার বিপক্ষে। রানী হামিদ এবং ওয়ালিজা হেরেছেন। তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে।
