আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২০ সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে জেলা পুলিশের আয়োজনে রবিবার দুপুরে জেলার চার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) চাই লাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার সদর মোঃ মনিরুজ্জামান ফকির, মাদারীপুর জেলার সকল অফিসার ইনচার্জবৃন্দ, মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রানতোষ মণ্ডলসহ ৪ উপজেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান তার বক্তব্যে বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখতে হবে, পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ বছর মাদারীপুর সদরে ৭২ টি, শিবচরে ৬৩ টি, কালকিনিতে ৬৩ টি ও রাজৈর উপজেলায় ২ শ ৪৪ টি মণ্ডপসহ জেলায় ৪ শ ৪২ টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসআই
