জাবিতে কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:২৪

জাবি সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেগম সুফিয়া কামাল হলের হল অ্যাটেনডেন্ট নাইম ইসলামের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী অংশ নেন। জানা যায়, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার পর তা ফেরত চাইলে কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সন্ত্রাসীদের দিয়ে নাইম ইসলামকে জখম করে। হাতুড়ির আঘাতে নাইমের মাথা ফেটে মারাত্মক যখম হয়। এ ঘটনায় কর্মচারী ইউনিয়নের নেতারা খাইরুলের বিচার দাবি করেন। এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, আমি কিছু জানি না।