নবাবগঞ্জে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:২৭

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাঁশের ঝোপ থেকে অজ্ঞাত পরিচয় (২৬) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা খ্রিষ্টানপাড়ার একটি নির্জন স্থানের বাঁশের ঝোপ থেকে ঐ তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে বলে নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক মো. লিয়াকত খান জানিয়েছেন। পুলিশের এ কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গা কালো হয়ে গেছে। ঐ তরুণীকে শ্বাসরোধ করে হত্যার পর নির্জন স্থানে ফেলে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ কর্মকর্তা।