রুবেল-বরকতের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৩৫

ফরিদপুরের বহুল আলোচিত ও বিতর্কিত শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার বিচার কাজ শুরু হলো।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালতে অস্ত্র আইনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তাদের হাজির করা হয়।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি দুলাল সরকার বলেন, নিয়ম অনুযায়ী আসামিদের অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চাওয়া হয় তারা দোষী না নির্দোষ। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আদালত মামলার সাক্ষ্য শুনানির জন্য ১৩/২০ নম্বর মামলায় ২৭ অক্টোবর ও ১৪/২০ নম্বর মামলায় ২ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করে।

মামলার আসামি পক্ষের অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর ১৩ ও ১৪ এর আসামি হিসেবে আদালত তাদের বিরুদ্ধে ১৯ এর ‘এ’ এবং ‘এফ’ ধারায় এবং একই সঙ্গে ২১ এবং ২৩ ধারায় অভিযোগ গঠন করেছেন। তিনি বলেন, আমরা এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। 

গত ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুর থেকে ৯ জন সহযোগীসহ গ্রেফতার করা হয় সাজ্জাদ হোসেন বরকত ও রুবেলকে। এ সময় তাদের কাছে নগদ টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন মালামালসহ ম্যাগজিন ও গুলিসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়। পরের দিন কোতোয়ালি থানার এসআই সাখাওয়াত হোসেন ও এসআই আব্দুল জব্বার বাদি হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলার তদন্ত শেষে ২৭ জুন ও ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

এছাড়া বিভিন্ন অপরাধে বরকত ও রুবেলের বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়। অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।