প্রতি ঘণ্টায় এক জনের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৩৬

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরো ২৪ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৩ জন। দেশে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জনে দাঁড়াল। আর মোট মৃতের সংখ্যা পৌঁছাল ৫ হাজার ৫২৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ জন, নারী পাঁচ জন। তাদের মধ্যে ২৩ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং এক জন করে মোট দুই জনের বয়স ৪১ থেকে ৫০ ও ৩১ থেকে ৪০ বছরের কম ছিল। ১৭ জন ঢাকা বিভাগের, দুই জন  করে মোট চার জন চট্টগ্রাম ও খুলনা বিভাগের এবং এক জন করে মোট তিন জন সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৫২৪ জনের মধ্যে ৪ হাজার ২৫৬ জনই পুরুষ এবং ১ হাজার ২৬৮ জন নারী। তাদের মধ্যে ২ হাজার ৮৪১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৪৮২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬৯৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩০৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১২৪ জনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৬ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ২ হাজার ৮০৭ জন ঢাকা বিভাগের, ১ হাজার ১১৩ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫৯ জন রাজশাহী বিভাগের, ৪৪৯ জন খুলনা বিভাগের, ১৯৩ জন বরিশাল বিভাগের, ২৩৬ জন সিলেট বিভাগের, ২৫১ জন রংপুর বিভাগের এবং ১১৬ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।