সম্ভ্রম রক্ষায় অটোরিকশা থেকে লাফিয়ে পড়ল ছাত্রী চালকের এক বছরের দণ্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৩৯

কুমিল্লা প্রতিনিধি

সম্ভ্রম রক্ষায় কুমিল্লায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পদুয়া খামাচাড়া এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩৫) নামে এক সিএনজিচালককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের মুকবুল হোসেন মোহন মিয়ার ছেলে।  

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন সিএনজিচালিত একটি অটোরিকশার মালিক ও চালক। রবিবার অটোরিকশাটি অন্য চালকের কাছে ভাড়া দিয়ে নিজে যাত্রীর আসনে বসে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর থেকে চান্দলা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার ছোট ধুশিয়া এলাকা থেকে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ঐ সিএনজিতে ওঠে। পদুয়া খামাচাড়া এলাকায় পৌঁছলে বিল্লাল হোসেন মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করলে সে সম্ভ্রম রক্ষা করতে চলন্ত সিএনজি থেকে লাফ দেয়। এ সময় স্থানীয় লোকজন বিল্লাল হোসেনকে আটক করে পুলিশকে অবহিত করে।