ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ল বাস, নিহত ৩

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৩৯

ইত্তেফাক ডেস্ক

ফেনীতে যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছে। গতকাল রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলা জিআরপি পুলিশের এসআই সাইফুল ইসলামের বরাত দিয়ে ফেনী প্রতিনিধি জানান, বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। আর ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ফতেহপুর রেলক্রসিং পুরো উন্মুক্ত ছিল, সেখানে কোনো প্রতিবন্ধকতা ছিল না। ফলে বাস ও ট্রেন একই সময় ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার কাজে ছুটে যান। পরে ফেনী মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনায় আহতরা হলেন—রাজশাহীর মনিরুল, কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল কুদ্দুছ, নাটোরের ফারুক হোসেন, বেলাল, সজল, আরিফুল ইসলাম, আশিক, চাঁপাইনবাবগঞ্জের রুবেল, ফেনীর সোনাগাজীর দুলাল, কিশোরগঞ্জের আজাহারুল ইসলাম ও পাবনার রনজু খান। ফেনী জেনারেল হাসপাতালে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কক্সবাজারে বাস দুর্ঘটনায় দুই পর্যটক নিহত

কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী নীলাচল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৯৩৭) বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে দুই পর্যটক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫-২০ জন। গতকাল সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভান্ডারি (৪০)। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চকরিয়া-মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, পৌরশহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শামীম আহমেদ রনি (৩০)। তিনি পৌর শহরের সুলতানপুর এলাকার গুলেনূর আহমেদের ছেলে। গতকাল বিকালে ঘটনাটি ঘটে।