মোংলায় মাদক সেবনের প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২২:৪০

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

মোংলা বন্দরের পাওয়ার হাউজ (বন্দর বিপণি মার্কেট) এলাকায় মাদকসেবীদের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মহিলা আওয়ামী লীগ নেত্রী গুরুতর আহত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত শিউলি বেগম।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিউলি বেগম জানান, বেশ কিছু দিন যাবত্ বন্দর বিপণি মার্কেটে সন্ধ্যার সঙ্গে সঙ্গে মদ-গাঁজার আসর বসাত ঐ এলাকার সোহেল মাহমুদ শ্রাবণ। অপরিচিত অনেক ব্যক্তি সেখানে আসা-যাওয়া করত। এতে বাধা হয়ে দাঁড়ান শিউলি বেগম। শুক্রবার দুপুরে সোহেল মাহমুদ শ্রাবণ, জাকির, হুমায়ন ও জাকির হোসেন নামের চার মাদকসেবী শিউলি বেগমের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনায় শিউলি বেগম শুক্রবার চার জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে বন্দরের পাওয়ার হাউজ, দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকার দায়িত্বপ্রাপ্ত এএসআই মো. রুহুল বলেন, অভিযোগটি থানায় রয়েছে। এখন পর্যন্ত কাউকে ঐ অভিযোগটি মার্ক করে দেওয়া হয়নি বলেও জানান তিনি।