বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটি নদীতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নির্মাণাধীন গোমা সেতুর উচ্চতা নিয়ে জটিলতা নিরসনে ফের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উচ্চতা জটিলতা নিরসনে নৌ-যান চালিয়ে শেষভাগের কাজ সমাপ্তের সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ইত্তেফাককে জানান, সভায় লঞ্চ চলাচল যাতে ব্যাহত না হয় সে বিষয়টি লক্ষ্য রেখে বিআইডব্লিউটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের কারিগরি কমিটিকে তিনতলা বিশিষ্ট লঞ্চ চালিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এছাড়া একটি কমিটিও থাকবে বিষয়টি দেখার জন্য।
সড়ক ও জনপথ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা জানান, বৈঠকে উপস্থিত প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়াজ হোসেন এ বিষয়টি তাকে জানিয়েছেন। এর পূর্বেও সেতুর উচ্চতা প্রশ্নে গত বছরের ২২ ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো। ঐ সভায় সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স নতুন সংশোধনীর পূর্বে নেয়া হয়েছিলো এবং অধিকাংশ কাজ সমাপ্ত হয়ে গেছে তার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স বিআইডব্লিউটিএ’র সাথে যতটুকু সম্ভব সংশোধন আনায়নপূর্বক সেসকল সেতুর কাজ অবিলম্বে শুরু করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ঐ সিদ্ধান্তের পর ঠিকাদারী প্রতিষ্ঠান সেতুর শেষ ভাগের কাজ শুরু করলে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা নৌযান চলাচল বন্ধ হয়ে যেতে পারে উল্লেখ করে সেতুর উচ্চতার বৃদ্ধির জন্য আপত্তি জানালে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাকেরগঞ্জ উপজেলা সহ পটুয়াখালীর লাখ লাখ মানুষ উচ্চতা জটিলতা নিরসন করে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করার দাবী জানিয়ে আসছিলো। এ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে গত ২০ আগস্ট বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান সেতুস্থান পরিদর্শন করেন এবং মন্ত্রনালয়ে প্রতিবেদন জমা দেন।
ইত্তেফাক/এএম
