প্রশান্ত কুমার হালদারের দুর্নীতি

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি মোস্তাফিজুরকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:২২

রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএস) লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে।

দুদক সূত্র জানায়, কাগুজে প্রতিষ্ঠানকে মর্টগেজ ছাড়াই শত শত কোটি টাকা ঋণ দিয়ে ইন্টারন্যাশনাল লিজিংকে পথে বসিয়েছে প্রশান্ত কুমার হালদার চক্র (পি কে হালদার)। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে একই অভিযোগ অনুসন্ধানে গত ২৫ আগস্ট জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, এভিপি আসলামুল সোহাগ ও সিনিয়র ম্যানেজার মো. রাফসান রিয়াদকে।