করোনাকালে দেশে ফিরে আটকে পড়া ইতালি প্রবাসীরা সেদেশে ফিরতে ভিসার মেয়াদ বৃদ্ধি ও ফ্লাইট চালুর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল প্রথমে গুলশানে ইতালি দূতাবাস এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন।
ইতালি প্রবাসীরা জানিয়েছেন, ৮ থেকে ১০ মাস ধরে আটকে পড়ায় অনেকের ভিসার মেয়াদও শেষ হয়েছে। আয়হীন সময় কাটিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে কোনো ঘোষণা দেয়নি ইতালি। এমন পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। মানববন্ধন থেকে তিন দফা দাবি করা হয়েছে বাংলাদেশ ও ইতালি সরকারের কাছে। দাবিগুলো হচ্ছে—যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তা বৃদ্ধি করা, বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু করা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করা। গত ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্যসংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। সেই থেকে নিষেধাজ্ঞা অব্যাহত আছে।
