ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাময়িক বহিষ্কৃত আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে এক ছাত্রীর করা ধর্ষণ মামলার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনে কমিটি জানায়, প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের মতো কোনো ঘটনা ঘটেছে এমন কোনো তথ্য প্রমাণ পায়নি তদন্ত কমিটি। এমনকি অভিযোগকারী নিজেও এ বিষয়ে তদন্ত কমিটির কাছে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি। গতকাল রবিবার ছাত্র অধিকার পরিষদ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করা সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচটি পয়েন্ট উল্লেখ করা হয়। যেখানেও বলা হয় ধর্ষণের দাবি ভিত্তিহীন। এছাড়া বিবাদীদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অভিযোগকারীকে অপহরণ ও ধর্ষণের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে।
