ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। এক দিনেই সংক্রমিত মানুষের সংখ্যা ৭৪ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৯১৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাত্র ১৩ দিনেই ভারতে ১০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ভারতে সংক্রমিতদের তালিকায় বরাবরই শীর্ষে ছিল মহারাষ্ট্র। তবে এই প্রথম মহারাষ্ট্রকে টপকে এক নম্বরে উঠে এসেছে কেরালা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালায় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪১৬। তবে মোট আক্রান্তের সংখ্যায় গোটা দেশে এখনো পর্যন্ত শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে তা পৌঁছেছে ১৫ লাখ ১৭ হাজার ৪৩৪ জনে। মারা গেছে ৪০ হাজার ৪০ জন।
