আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে লড়াই

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গোলাগুলি

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:২৬

দুই সপ্তাহ ধরে সংঘর্ষের পর নাগোর্নো-কারাবাখে যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পরই গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গতকাল ১০ অক্টোবর মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রায় ১০ ঘণ্টা আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দেশ দুটি। খবর বিবিসির

বিরোধপূর্ণ অঞ্চলের রাজধানী স্টেপানকার্টে শনিবার সন্ধ্যায় গোলাবর্ষণের কথা জানিয়েছে আর্মেনিয়ার গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৫ মিনিটের মাথায় আজেরি সেনারা আক্রমণ চালায়। জাতিগত আর্মেনীয়রা তার জবাব দেয়। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পালটা অভিযোগ করে বলছে, আজেরি অঞ্চলে আর্মেনিয়ানরা স্পষ্টভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন করছে। আর্মেনীয়দের হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। নাগোর্নো-কারাবাখে স্বঘোষিত জাতিগত আর্মেনিয়ান কর্তৃপক্ষ বলছে, আজারবাইজান স্টেপানকার্টের বেসামরিক এলাকায় মিসাইল নিক্ষেপ করেছে। অন্যদিকে আজেরিদের অভিযোগ আর্মেনিয়া ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে।