ভোট দিতে না পারলে কক্সবাজার-সিলেট রোড বন্ধ হয়ে যাবে :গয়েশ্বর

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০০:৩৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, ‘ঢাকা-৫ আসনের উপনির্বাচনে কেন্দ্রে যাওয়ার পর যদি ভোটারদের ভোট দিতে না দেওয়া হয় তাহলে ১৭ অক্টোবর রাত ১২টা থেকে ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট রুটে কোনো গাড়ি চলবে না। ১৭ তারিখের নির্বাচনে কোনো তালবাহানা মানা হবে না। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেছেন, অতীতে অনেক অপকর্ম করে হজম করলেও এবার বদহজম হবে। আন্দোলন ছাড়া কোনো পথ নাই। ভদ্র ভাষায় কথা বললে তারা বুঝে না। গণতন্ত্রের ভাষা তারা বুঝে না। মানবতাবোধ বলতে তাদের কিছু নেই। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে। গতকাল রবিবার রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫-এর উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনি মিছিলপূর্ব এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনি এলাকার ভোটারদের উদ্দেশে উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৭ তারিখ সুষ্ঠু নির্বাচন দিন। এ নির্বাচন গণতান্ত্রিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। যদি এ নির্বাচনে কারচুপি করার চেষ্টা করা হয় তাহলে এখান থেকেই এ সরকার পতনের আন্দোলন ডাকা হবে এবং সে আন্দোলন এ নির্বাচন কমিশন পতনেরও আন্দোলন হবে। বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্মমহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।