দেশের বিভিন্ন স্থান থেকে পঞ্চাশ জনের বেশি তরুণ-তরুণী সব ধরনের বৈষম্য, সহিংসতা, সুযোগের অভাব এবং নারীদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে গত শনিবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল সমাবেশে তারা এ দাবি জানান।
যুবকেরা তাদের সহায়তা করার জন্য সরকার, নীতিনির্ধারক, উন্নয়ন ও করপোরেট অংশীদার, সুশীল সমাজ নেটওয়ার্ক এবং অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের প্রতি আহ্বান জানান। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যুবকদের দাবির সম্মতি জানিয়ে আগামী ১০ বছরে লিঙ্গসমতা এবং মেয়েদের অধিকারের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ‘গার্লস রাইটস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট’ ক্যাম্পেইনের ঘোষণা দেয়।
ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অরলা মরফি, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিনডে, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আবাসিক প্রতিনিধি আশা তর্কেলসন, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে এবং ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদ উজ-জামান।
