দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে হাসান মাহমুদের তীব্র গতির বলে বোল্ড হয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রুবেলের বলে, গতকাল এবাদতের বলে প্লেড অন হয়ে বোল্ড হলেন মুশফিক (১)। টানা তিন ম্যাচে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ২২ গজে মুশফিকের বাজে সময় কাটলেও গতকাল বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে জয়ের হাসি সঙ্গী হয়েছে তার দলের।
মিরপুর স্টেডিয়ামে মাহমুদউল্লাহ একাদশকে ৪ উইকেটে পরাজিত করেছে নাজমুল শান্ত একাদশ। জবাবে ইরফান শুক্কুর ও তৌহিদ হূদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ম্যাচ জিতে যায় নাজমুল শান্ত একাদশ। ৪১.১ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান তুলে জয় পায় দলটি। ৭৯ রানে ৫ উইকেট পতনের পর তৌহিদ হূদয় ও ইরফান শুক্কুর ১০৫ রানের জুটি গড়েন। ইরফান শুক্কুর অপরাজিত ৫৬, তৌহিদ হূদয় ৫২, শান্ত ২৮, সৌম্য ২১ রান করেন। মাহমুদউল্লাহ একাদশের এবাদত ৩টি উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করে ৪৭.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়েছিল মাহমুদউল্লাহ একাদশ। দলের পক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ ৫১, ইমরুল কায়েস ৪০, সাব্বির রহমান ২২ রান করেন। দুর্দান্ত ফিল্ডিং করে নাঈম শেখ, নুরুল হাসান সোহানকে রানআউট করেছিল নাজমুল একাদশ। দলটির হয়ে তাসকিন, আল-আমিন ও মুকিদুল ইসলাম মুগ্ধ ২টি করে উইকেট নেন।
