গাছকাটাকে কেন্দ্র করে বনবিভাগ-পাহাড়িরা মুখোমুখি 

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৩:০৮

ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে গাছকাটাকে কেন্দ্র করে বনবিভাগ ও পাহাড়িরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। মানববন্ধন করার পর থেকে পাহাড়িদের মধ্যে মামলা আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার বিকালে বনবিভাগের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য শাহিদা আকতারের লিজ নেয়া জমিতে আবাদ করা কলা, পেঁপে ও আনারসের সহস্রাধিক গাছ কেটে ফেলে। এ নিয়ে বনবিভাগ ও পাহাড়িদের সাথে উত্তেজনা বিরাজ করছে।

ফলজ গাছ কেটে ফেলার প্রতিবাদে রবিবার দুপুরে স্থানীয় কালুর বাজারে মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি মেম্বার নূরুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ইউপি সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহিদা আকতার বক্তব্য রাখেন।

এলাকাবাসী জানায়, সন্তোষপুর বনাঞ্চলের জমি লিজ নিয়ে সামাজিক বনায়নের পাশাপাশি সাথী ফসল হিসাবে কলা, পেঁপে ও আনারস আবাদ করছেন নাওগাঁও ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহিদা আকতার। সামাজিক বনায়নের জমিতে কলা, পেঁপেও আনারস গাছ আবাদ করায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে বন বিভাগের বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম খান। ইউপি সদস্য শাহিদার অভিযোগ, চাঁদা না পেয়ে বনবিভাগ তার লিজ নেয়া ৬০ শতাংশ জমির ফলজ গাছ কেটে ফেলেছেন।

শাহিদা আকতার জানান, কেটে ফেলা ফলজ গাছগুলো নিয়ে প্রতিবাদ করলে তার ছেলে শাহজাহানের নামে মিথ্যে মামলা দিয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিবে বলে বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম খান মোবাইলে হুমকি দিয়েছেন। আমি একজন ইউপি সদস্য আমাকে যদি এমনভাবে হুমকি দিয়ে ভয় দেখানো হয় তাহলে সাধারণ মানুষ এখানে বসবাস করবে কিভাবে। আমরা পাহাড়ি মানুষ বনবিভাগের জমিতে সামাজিক বনায়নের পাশাপাশি জমিতে ফলজ বাগান করে সংসার চালাই। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাই। আমি আমার ফলজ বাগান ধ্বংস ও হুমকির বিচার চাই বলে হাউমাউ করে কেঁদে ফেলেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, পাহাড়ি মানুষের প্রায় সব জমিই বনবিভাগের। পাহাড়ি মানুষ বনবিভাগ থেকে লিজ নিয়ে সামাাজিক বনায়নের পাশাপাশি ফলজ বাগান করে সংসার চালায়। বন বিভাগ এসব ফসল আবাদকারীদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ফসল ধ্বংসসহ নানা হুমকিধামকি দেন। বন বিভাগ মামলা করার হুমকি দেয়ায় সন্তোষপুর গ্রামের পাহাড়িদের মধ্যে মামলা আতঙ্ক বিরাজ করছে। সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম খান জানান, শাহিদার জমি থেকে কেটে ফেলা চারা গাছ উদ্ধার করা হয়েছে।


ইত্তেফাক/আরকেজি