ওসিকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ নেতার অভিযোগ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৭:০৬

নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে প্রত্যাহার এবং অভিযোগ সমূহ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা এবং উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা জসিম উদ্দীন আরমান। 

অভিযোগ থেকে জানা গেছে, গত ১৮ জুন ওসি গিয়াস উদ্দিন এখানে যোগদান করার পর আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। নেতা-কর্মীদের নিষ্ক্রিয় করার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মা-বোনদের ইজ্জতের ওপর কটাক্ষ করে অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখিয়ে আতঙ্কিত করে রাখেন। উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভা এবং বিভিন্ন ইউনিয়নের বিট পুলিশি কার্যালয় উদ্বোধনকালে স্থায়ী বীরমুক্তিযোদ্ধাদের দাওয়াত না করে চিহ্নিত জামায়াতের নেতাদের দাওয়াত দেন এবং তাদের দিয়ে বক্তব্য দেন। 

আরও পড়ুন: পাপিয়ার মতো রাজনৈতিক কর্মী জাতির জন্য অকল্যাণকর: আদালত

অভিযোগকারী জসিম উদ্দীন আরমান জানান, ওসি গিয়াস উদ্দিন সরকার বিরোধী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের নিজেকে নিয়োজিত রেখে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এতে সোনাইমুড়ির আইন-শৃঙ্খলা অবনতি ঘটেছে। ওসি গিয়াস উদ্দিন জানান তার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ সঠিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের চেয়ে ভাল আছে। তাছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী নেতা-কর্মীদের গালিগালাজ করার অভিযোগসহ অন্যান্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

ইত্তেফাক/এএএম