খুলনায় গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গাইনসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন, অনিমেষ গাইন এবং বিপ্লব কান্তি মণ্ডল। এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিদের দুটি ধারায় ৪৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রসেনজিৎ গাইন ও বিপ্লব কান্তি মণ্ডল পলাতক রয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে: খাদ্যমন্ত্রী
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৭ অক্টোবর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বাদুড়গাছা গ্রামের ঘ্যাংরাইল নদীতে গৃহবধূ টুম্পাকে চুবিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার দুই দিন পর ৯ অক্টোবর নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ১০ অক্টোবর নিহতের ভাই সমিত মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এস আই কেরামত আলী ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ২৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এনামুল হক।
ইত্তেফাক/এএএম
