স্পোর্টস

হাডুডু

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:০৯

মো. সাইমুন

গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা। বাংলার সংস্কতির সঙ্গে জড়িত ঐতিহ্যবাহী এ খেলাটি বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে স্বীকৃত। দেশের বিভিন্ন জায়গায় এটি কাবাডি, কাপাটি, ছিখেলা নামেও পরিচিত। কিন্তু বর্তমানে খেলাটি কেবল রূপ নিয়েছে আনুষ্ঠানিকতায়। পহেলা বৈশাখ ও বিভিন্ন দিবস উপলক্ষ্যে এই খেলা আয়োজন করা হলেও তা খুবই সীমিত। নতুন প্রজন্মের অনেকেই হয়তো খেলাটি কখনো দেখেনি, দেখে থাকলেও তা টেলিভিশনের পর্দায় দেখেছে। খেলাটির নিয়ম-কানুন বেশ সহজ বলে যে কেউ প্রতিযোগী হতে পারে। স্বল্প জায়গায় বছরের যে কোনো সময় এর আয়োজন করা যায়। স্বাস্থ্যচর্চায় হাডুডু দারুণ উপযোগী খেলা। এটি ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। শারীরিক দক্ষতা ও উপস্থিত বুদ্ধি বেশি প্রয়োগ করা যায়। দর্শকদেরও নির্মল আনন্দ দেয় হাডুডু খেলা।

আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি রয়েছে খেলাটির। আন্তর্জাতিক পর্যায়ে হাডুডু খেলায় অংশগ্রহণ ও বিজয় অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের নাম নতুনভাবে ছড়িয়ে পড়ার সুযোগ রয়েছে। তাই এই খেলা রক্ষা ও নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাধ্যতামূলক করাসহ, দক্ষতা অর্জনে নিয়মিত চর্চার সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রচার-প্রসারে উদ্যোগ প্রয়োজন।