নাদালে উচ্চকণ্ঠ ফেদেরার

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর পর চিরপ্রতিদ্বন্দ্বীর প্রশংসায় ভাসলেন রাফায়েল নাদাল। এছাড়া অমরত্বের পথে থাকা এই স্প্যানিশের প্রশংসা করেছেন অস্ট্রেলীয় কিংবদন্তি রড লেভার ও মার্টিনা নাভ্রাতিলোভার মতো টেনিস দিকপালেরা।

ক্লে কোর্টের সম্রাট নাদাল গত রবিবার রাতে দারুণ প্রতাপে সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন নোভাক জকোভিচকে। তবে যেভাবে ফাইনালের শুরুটা করলেন, দর্শক তো বটেই, খোদ জকোভিচই চমকে গিয়েছিলেন। ৬-০ ব্যবধানে প্রথম সেট জয়ের পর বছর ৩৪-এর নাদালকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের দুই সেট ৬-২ আর ৭-৫ গেমে জিতে রোলাঁ গারোঁয় ১৩তম আর সব মিলিয়ে ২০তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন এই স্প্যানিশ।

ক্লে কোর্টে নাদালের শ্রেষ্ঠত্ব নিয়ে দ্বিধা নেই কারো। জকোভিচ ফাইনাল হেরে ব্যাপারটা অকপটেই মেনে নিলেন আরও একবার। বললেন, ‘এই কোর্টে তুমি যা করে চলেছ, তা অবিশ্বাস্য। অবশ্য পুরো কেরিয়ারেই তুমি চ্যাম্পিয়ন। আজ তুমি দেখিয়েছ তুমিই ক্লে কোর্টের রাজা।’

প্রতিদ্বন্দ্বী ফেদেরার এর কিছু পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নাদালকে লেখেন, ‘তোমার প্রতি সম্মানটা সব সময়ই ছিল। তুমিই অনেক বছর ধরে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী। আমি বিশ্বাস করি আমরা একে অপরকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করেছি। আর তাই তাকে ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে অভিনন্দন জানাতে পারাটাকে নিজের জন্যও সম্মানের ব্যাপার মনে করছি।’

এদিকে নাদালও জানালেন, ফেদেরারের সমকক্ষ হতে পারাটাও সম্মানের। বললেন, ‘কোনো এক সময়ে সর্বোচ্চ শিরোপা জিততে চাই অবশ্যই। তবে আপাতত ফেদেরারের সমকক্ষ হতে পারাটাও বেশ মর্যাদার ব্যাপার।’

যত কীর্তি নাদালের

২০         ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়েছেন নাদাল, পাশে বসেছেন রজার ফেদেরারের।

১৩        রোলাঁ গারোঁয় ১৩তম শিরোপাটি জিতে উন্মুক্ত যুগে এক টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপা জেতার কীর্তি গড়লেন তিনি। পেছনে ফেলেছেন মার্টিনা নাভ্রাতিলোভাকে (শিকাগো ওপেন, ১২ শিরোপা)। ১০০           ফরাসি ওপেনে এটি শততম জয় ছিল স্প্যানিশ তারকার। এ মাইলফলক ছুঁতে তিনি ম্যাচ খেলেছেন মোটে ১০২টি। কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরে জয়ের সেঞ্চুরির কীর্তি অবশ্য এটাই প্রথম নয়। ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেন (১০২) ও উইম্বলডনে (১০১) এ কীর্তি গড়ে দেখিয়েছেন আগেই।

৬              ৩০ পেরোবার পর থেকে নাদালের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা। একটি শিরোপা কম নিয়ে এক ধাপ পিছিয়ে আছেন নোভাক জকোভিচ।