স্পোর্টস ডেস্ক
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে আক্ষরিক অর্থেই পরিচয় পালটে গেছে রাহুল তেওয়াতিয়ার। সাদামাটা এক ক্রিকেটার থেকে তিনি হয়ে উঠছেন কঠিন সময়ের ত্রাতা। তাই, যত দিন যাচ্ছে এই অলরাউন্ডারের ওপর আস্থা বাড়ছে রাজস্থান রয়্যালস দলের।
গত রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের ১৫৮ রান তাড়া করতে গিয়ে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল রাজস্থান। তখনই দারুণ জুটি বাধেন তরুণ রিয়ান পরাগ আর রাহুল তেওয়াতিয়া। আর তাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে রাজস্থানের জয় নিশ্চিত হয়।
রাহুল ২৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৪৫ রান। তার সঙ্গী রিয়ান ছক্কা মেরে ম্যাচ শেষ করে অপরাজিত ছিলেন ২৬ বলে ৪২ রানে। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক স্টিভেন স্মিথ।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় রাহুল আর তরুণ হিসেবে রিয়ান নিজেদের প্রমাণ করেছে। বেন স্টোক আজ পারেনি। ওপরের চার জন বড় শট খেলতে পারেনি। কিন্তু আজ আমাদের ব্যাটিংয়ের গভীরতা দেখা গেল। আশা করি, এটা অব্যাহত থাকবে।’
ম্যাচে নিজের ভূমিকা নিয়ে রাহুল বলেন, ‘আমাকে এই ভূমিকাই দেওয়া আছে দল থেকে। আমি ভালো ব্যাট করছিলাম, আত্মবিশ্বাস ছিল, প্রস্তুতি ম্যাচগুলোতেও দ্রুত রান তুলতে পারছিলাম। আপনি যখন আপনার ভূমিকা নিয়ে স্পষ্ট থাকবেন, তখন কাজটা সহজ। আমি জানতাম, উইকেটে থাকতে পারলে আমাদের সুযোগ থাকবে। আমি রিয়ানকে বলেছিলাম উইকেট মন্থর, আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ ৪ ওভারে যদি ৫০ রানও লাগে আমাদের হাতে শট আছে।’
