কুমিল্লা জেলা শহরের বাগিচাগাঁওয়ে আমার পৈতৃক সম্পত্তি বেদখলের চেষ্টা করে যাচ্ছে একদল দুষ্কৃতকারী। তারা সেখানে আমার জমিতে লাগানো গাছপালা ধ্বংস করা, বাড়ির নেমপ্লেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। আমি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় থাকি। এই সুযোগে সম্পত্তি বেদখলের পাঁয়তারা করছে, স্থানীয় প্রভাবশালীদের প্রশ্রয়ে থেকে পেশিশক্তিও দেখাচ্ছে। অথচ জীবনভর আমাদের পরিবার দেশের শিক্ষা বিস্তার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার পিতা অধ্যাপক মোবাশ্বের আলী একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, যিনি ভাষাসৈনিক, গবেষক ও অনুবাদক হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ‘কুমিল্লা জেলার ইতিহাস’ বইয়ের প্রধান সম্পাদক। দেশের বহু নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেছেন। তাঁর সন্তান হিসেবে আমিও শিক্ষকতা পেশায় আছি। অথচ এই সময়েও আমার নিজের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারছি না। পরিশেষে, আমার পৈতৃক সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্টদের কাছ থেকে যথাযথ উদ্যোগ কামনা করছি।
অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী
বাড়ি ২৭, সড়ক ৪, ফ্ল্যাট ১০৪,
ধানমন্ডি, ঢাকা
