সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে হাটবাজারে সবজির চড়া দাম। কোনো সবজি ৫০ টাকার নিচে নেই। সৈয়দপুরে পাইকারি বাজার রয়েছে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের পাশে মিস্ত্রীপাড়া এলাকায়। সেখান থেকে খুচরা দোকানিরা তরকারি কিনে সৈয়দপুর পৌরসভার আধুনিক সবজি বাজারে বিক্রি করছেন। প্রতি কেজিতে লাভ করছেন ১০ থেকে ১৫ টাকা। বাজারে কাঁচা মরিচ ১৮০ টাকা, আলু ৫০ থেকে ৫৫ টাকা, বেগুন, পটোল ৭০ থেকে ৮০ টাকা, শসা ১০০ টাকা, গাজর ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, শিম ১২০ টাকা, পেঁয়াজ ১০০ টাকা (দেশি) ও টম্যাটো ১২০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি ৪০/৪৫ টাকা। নতুন আসা ফুলকপি, পাতাকপি সাইজে ২৫০ গ্রাম হলেও দাম তার আকাশ ছোঁয়া। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। খুচরা দোকানি রতন জানান, অতিবৃষ্টি ও বন্যার কারণে অনেক স্থানে সবজি পানিতে ডুবে পচে গেছে। কাঁচা মরিচের গাছও মরে গেছে। বাজারে সরবরাহ কম থাকায় প্রতিটি সবজির দাম বেড়েছে। আমরা বেশি দামে সবজি কিনি, তাই বিক্রিও করতে হয় বেশি দামে। আড়তদাররা জানান, মোকামে কাঁচা তরকারির সরবরাহ কমে গেছে। এ কারণে সবজির দাম বাড়তির দিকে। তবে আগাম জাতের নুতন তরকারির বাজার সহনীয় পর্যায়ে আসবে।
