স্বর্ণপদক পেলেন ৭ নম্বর গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
যোগ্য সমাজসেবক হিসেবে স্বর্ণপদক সম্মাননা স্মারক-২০১৯ পেয়েছেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা জাতীয়-পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এ এম জাকারিয়া জানান, করোনা মোকাবিলায় বিশেষ অবদান রাখায় সংগঠনের প্রতিনিধিদের পাঠানো তথ্য যাচাই-বাছাই করে দেশের ৬৪ জেলায় ৪৯২ উপজেলায় মোট ৪ হাজার ৫৫৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে যোগ্য ৭৪ জনকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আনুষ্ঠানিকতা পরিহার করে স্ব স্ব ঠিকানায় পদক পৌঁছে দেওয়া হয়। ১১ অক্টোবর রবিবার দুপুরে এ পুরস্কার হাতে পাওয়ার পর মো. মজিবুর রহমান চৌধুরী পরম করুণাময় আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি সাবেক মন্ত্রী, জাতীয়-পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি যদি তার দলীয় প্রতীক সাইকেল আমাকে না দিতেন তাহলে আমি চেয়ারম্যানও হতে পারতাম না, আর এই পুরস্কারও অর্জন করা সম্ভব ছিল না। মো. মজিবুর রহমান চৌধুরী এই সম্মাননা গৌরীপুর ইউনিয়নের আপামর জনসাধারণের জন্য উত্সর্গ করেছেন।
