টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ আটক ৫

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে র্যাব-১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ পাঁচ জনকে আটক করেছে। সোমবার রাতে র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। পালিয়ে যাওয়ার সময় হ্নীলা উলুচামরী স্কুল পাড়ার শাহ জালাল ওরফে লাশ জালাল, রঙ্গিখালী পূর্ব পাড়ার মো. খায়ের, সহযোগী গাজী পাড়ার নুরুল আফসার, উলুচামরীর হেলাল উদ্দিন এবং মো. হেলাল উদ্দিনকে আটক করে র্যাব। তাদের দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বরিশালে ইয়াবাসহ

দুই জন আটক

বরিশাল অফিস জানায়, বরিশালের বাকেরগঞ্জ এবং উজিরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৮২ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-৮। এসব ঘটনায় বাকেরগঞ্জ ও উজিরপুর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। সোমবার র্যাবের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে বাকেরগঞ্জের দক্ষিণ দুধল মৌ গ্রামে অভিযান চালিয়ে ৮৬ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন সেতুকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. জিল্লুর রহমান বাদী হয়ে সেতুর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে র্যাবের আরেকটি দল একই রাতে উজিরপুরের সাকরাল গ্রামে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ মো. রোমান হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।