প্রচার-প্রচারণায় সরগরম কেরালকাতা ইউপি

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৯

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বেশ জমে উঠেছে। ইউনিয়নের সর্বত্রই এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে এ উপনির্বাচন। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকলেও উত্তেজনার পারদ দিনদিন বেড়েই চলেছে। কারণ, লড়াইটা যেন আওয়ামী লীগের নিজেদের মধ্যে। প্রার্থীরাও বিরামহীনভাবে চালিয়ে যাচ্ছেন নির্বাচনি প্রচারণা। নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও লড়াই মূলত দ্বিমুখী বলে শোনা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন নৌকা প্রতীকের স ম মোরশেদ আলী ও মোটরসাইকেল প্রতীকের আব্দুুর রউফ সরদার। অপর প্রার্থী আনারস প্রতীকের নেছার আলী। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, আগামী ২০ অক্টোবর এই উপনির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান কেরালকাতা ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল হামিদ সরদার।