আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে অপরাধীদের মধ্যে ভীতি থাকবে। গতকাল সোমবার সচিবালয়ের কার্যালয়ে বাংলাদেশে নব-নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সহিংসতা ও ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। তিস্তার পানিবন্টনসহ অভিন্ন নদীর পানি বন্টন গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে দুই দেশ আলোচনার মাধ্যমে এ বিষয়টি সম্মানজনকভাবে সমাধান করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এরই মধ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
এসময় মন্ত্রী জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বিআরটিসির জন্য ৯২৮টি বাস এবং ৫০০ ট্রাক সংগ্রহ করা হয়েছে। সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হচ্ছে। আশুগঞ্জ নদীবন্দর হতে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ এগিয়ে চলেছে।
সেতুমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে সংযোগ বাড়াতে ভারতীয় জনতা পার্টি-বিজেপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা রয়েছে। এ ধরনের সফর দুই দেশের জনগণের বিদ্যমান সম্পর্ক আরো এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভারতের সঙ্গে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে কি না—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আছে, এ মুহূর্তে চালু হচ্ছে, সেটা বলা যাবে না।’ ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘আমরা এরই মধ্যে ভিসা প্রক্রিয়া চালু করেছি। সব ভিসা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি সব ধরনের ভিসা চালুর জন্য চেষ্টা করছি। মহামারির কারণে ট্যুরিস্ট ভিসা চালুতে আরো বেশি সময় লাগবে। এয়ার বাবল চালুর বিষয়ে আমরা এখানে আমাদের পার্টনারের কাছ থেকে চূড়ান্ত সম্মতির অপেক্ষায় রয়েছি। শিগগিরই চালু হবে।’
