ক্ষতিকর মিথানল দিয়ে নিম্ন মানের ইনস্ট্যান্ট স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে বেসরকারি কোম্পানি এসিআইকে ১ কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পণ্যটি বাজার থেকে দ্রুত তুলে নেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছে। গতকাল মিরপুর-১ নম্বরে অবস্থিত এসিআইর গোডাউনে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, রবিবার বিকালে রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত এসিআইর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ ক্ষতিকারক মিথানল জব্দ করা হয়। মিথানল দিয়ে ইনস্ট্যান্ট স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তারা। ২৫ এমএল পরিমাণের টিউবে এই হ্যান্ড স্যানিটাইজার বাজারজাত করেছে এসিআই। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী তারা ৩৫ হাজার টিউব বাজারজাত করেছে। এর মধ্যে ২০ হাজার টিউব সোমবারের মধ্যে বাজার থেকে জব্দ করা হয়। বাকি ১৫ হাজার টিউবও জব্দ করা হবে।
র্যাব জানায়, প্রতিষ্ঠানটি করোনার পরপরই গোপনে অন্য পণ্যের জন্য আনা ক্ষতিকারক এই মিথানল দিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, অভিযানে স্যাভলন ইন্সট্যান্ট হ্যান্ড স্যানিটাইজারের ২৫ মিলিগ্রামের টিউবের তিনটি ব্যাচের পণ্যে মিথানল পাওয়া যায়। নিম্ন মানের এই পণ্য বাজারজাত ও মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানিটির তৈরি এসব হ্যান্ড স্যানিটাইজার পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে। স্যাভলনের এই পণ্যটি তৈরি হয়েছে গাজীপুরের কোনাবাড়িতে এসিআইয়ের নিজস্ব কারখানায়। একই সঙ্গে পণ্যটি বাজার থেকে যেন কোম্পানি দ্রুত সরিয়ে নেয় সেজন্য এসিআইর পরিচালক (বাণিজ্য) কামরুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।
