সিলেট নগরীর আখালিয়া এলাকার রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যুর ঘটনায় সিলেটে দুদিন থেকে বিক্ষোভ চলছে। এ ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভুঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মহানগর পুলিশ। একই সঙ্গে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার বলেন, ঘটনাটি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তদন্ত চলছে।
গতকাল সোমবারও বিকালে পুলিশের বিরুদ্ধে এবং ‘হত্যাকারীদের’ ফাঁসির দাবিতে রায়হানের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধনে বিক্ষোভকারীরা আল্টিমেটাম দিয়ে বলেন, ৭২ ঘণ্টার ভেতরে রায়হানের হত্যাকারীদের শাস্তি দিতে হবে।
এর আগে রবিবার ভোরে রায়হান মারা যান। তিনি নগরের আখালিয়া এলাকার নেহারীপাড়ার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, নগরীর কাষ্টঘর এলাকায় ছিনতাইকালে গণপিটুনিতে মারা যান রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এ ঘটনায় রবিবার রাতেই রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। তবে মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। মামলার এজাহারে অভিযোগ করা হয়, কে বা কারা রায়হানকে পুলিশ ফাঁড়িতে নিয়ে হত্যা করেছে।
