কাজিপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ প্রার্থী জয়

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৫৫

সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনে আগামী ১২নভেম্বর উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় মনোনয়ন পত্র কাজিপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে রির্টানিং অফিসার বরাবরে দাখিল করেছেন।

সোমবার ১২ অক্টোবর দুপুরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবুল হোসেনের নিকট 
মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে কাজিপুর আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে   উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। 

বক্তব্যে তিনি বলেন, কাজিপুরের মানুষ আমার শক্তি ও সাহস, কাজিপুরবাসীর ঋণ শহীদ এম মনসুর আলীর পরিবার কোনদিন শোধ করতে পারবেনা, পরিবারের পূর্বপুরুষদের মতো আমিও প্রিয় কাজিপুরবাসীর সেবায় নিয়োজিত থাকব। এসময় তিনি সকলের সহযোগিতায় বাবা মোহাম্মদ নাসিমের অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে কাজিপুর স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 ইত্তেফাক/এসআই