ইন্টারনেট ও ক্যাবল টিভি বন্ধ রাখার হুঁশিয়ারি

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৪

 ‘ঝুলন্ত ক্যাবল অপসারণ না করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। আগামী ১৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত সারা দেশে বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট সংযোগ এবং ক্যাবল টিভি বন্ধ রাখার হুঁশিয়ারি দেন নেতারা।

তাদের অন্য দাবিগুলো হলো—আইএসপিএপি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশন সমন্বয়ে ‘লাস্ট মেইল ক্যাবল’ স্থাপন করা হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ করা, গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা স্বল্পমূল্যে দেওয়ার লক্ষ্যে এনটিটিএনের মূল্য সরকারের মাধ্যমে নির্ধারণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদানে নিশ্চয়তার পক্ষে এনটিটিএনগুলো সার্বিক সক্ষমতা আছে কি না তা যাচাইয়ের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, কোয়াব সভাপতি এস এম আনোয়ার পারভেজ প্রমুখ।