বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় গতকাল মঙ্গলবার রাত ৯টায় এম ভি রিফাত-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙি নৌকা ছয় আরোহীসহ ডুবে গেছে । ঘটনার পর চার যাত্রী ও মাঝি সাঁতরে তীরে উঠলেও এক যাত্রী নিখোঁজ রয়েছেন । তিনি বাদামতলী এলাকার একজন ফল ব্যবসায়ী । তার নাম হাজী বাহাউদ্দিন । দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘটনার পর এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরঘাট নৌফায়ার সার্ভিস ও নৌপুলিশ নিখোঁজ বাহাউদ্দিনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। নিখোঁজ ব্যবসায়ী তার দোকান থেকে কেরানীগঞ্জ ইস্পাহানী এলাকার নিজ বাসায় ফেরার জন্য নৌকায় নদী পার হচ্ছিলেন।
